Showing posts with label BPL T20. Show all posts
Showing posts with label BPL T20. Show all posts

2.08.2012

বি পি এল টুকিটাকি

সেরা খেলোয়াড় পাবেন গাড়ি
বিপিএল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ১৫০০ সিসি গাড়ি ও ফাইনালের সেরা খেলোয়াড় পাবে মোটরসাইকেল। গতকাল বিকালে বিপিএল থেকে এই ঘোষণা করা হয়। ব্র্র্যান্ড নিউ হোন্ডা সিটি ১.৫ এল পুরস্কার হিসেবে দেয়া একটি চুক্তিও আজ হয়েছে বিপিএলের সঙ্গে। আর এই চুক্তি হয়েছে হোন্ডা অটোমোবাইলের বাংলাদেশী অথরাইজড কোম্পানি ডিএইচএস মটরস’র সঙ্গে। মিরপুরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গেম অনের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিইও সৈয়দ জাকারিয়া জুফরি এবং ডিএইচএস মটরস’র পক্ষে চেয়ারম্যান ওবায়েদ নিজাম।

৯ আম্পায়ারের ২ জন বিদেশী
বিপিএল প্রথম আসরে মাঠে আম্পায়ারের দায়িত্বপালন করবেন সাত দেশী আম্পায়ারের সঙ্গে দুই বিদেশী আম্পায়ার। ম্যাচ  রেফারির দায়িত্বপালন করবেন মাইক প্রক্টর ও বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বিসিবির আম্পায়ার কমিটির ম্যানেজার জামাল বাবু মঙ্গলবার বিকালে এ তথ্য জানিয়েছেন। বিদেশী আম্পায়ার দু’জন হলেন ডেভিড অর্চার্ড এবং অন্যজন  জেমি লয়েড। দেশী আম্পায়ার হলেন, এনামুল হক মনি, আনিসুর রহমান, শরফুদৌলা ইবনে শহীদ সৈকত, গোলাম  মোস্তাদির লিটু, গাজী  সোহেল, তানভীর ও মাসুদুর রহমান মুকুল।

দুর্নীতি ও নিরাপত্তা পর্যবেক্ষক আসছেন
দুর্নীতি ও নিরাপত্তা ইউনিটের দুই সদস্য বিপিএল পর্যবেক্ষণ করতে ঢাকায় আসবেন। এই দুই সদস্য হলেন- ডেভিড বেইলি ও হাওয়ার্ড বিয়ার। এছাড়া আসছেন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার পর্যবেক্ষক এডওয়ার্ড টনটার্ড।

খবরঃ মানবজমিন 

2.07.2012

বিপিএলের ম্যাচ রেফারি প্রক্টর-রকিবুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

বিসিবির আম্পায়ার কমিটির ব্যবস্থাপক জামাল বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই তথ্য।

দুজন বিদেশিসহ ৯ জন আম্পায়ার পরিচালনা করবেন বিপিএলের প্রথম আসর। অস্ট্রেলিয়ার ডেভিড অরচার্ড ও ইংল্যান্ডের জেমি লয়েডের সঙ্গে থাকবেন বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার এনামুল হক মনি এবং আনিসুর রহমান, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গোলাম মোস্তাদির লিটু, গাজী সোহেল, তানভীর ও মাসুদুর রহমান মুকুল।

আইসিসির দুর্নীতি ও নিরাপত্তা ইউনিটের দুই সদস্য ডেভিড বেইলি ও হাওয়ার্ড বিয়ার এবং ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার পর্যবেক্ষক এডওয়ার্ড টনটার্ডও বিপিএল উপলক্ষ্যে ঢাকায় আসছেন।

খবরঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা রয়েল বেঙ্গলসের অনুশীলনে জয়াসুরিয়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি হিসেবে মঙ্গলবার রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বারের মতো অনুশীলন করে খুলনা রয়েল বেঙ্গলস। অনুশীলনে উপস্থিত ছিলেন খুলনার তিন তারকা ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া, হার্শেল গিবস ও শিবনারায়ণ চন্দরপল। ছিলেন আয়ারল্যান্ডের নিয়াল ও’ব্রায়েনও।

বাংলাদেশের তারকাদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম এবং শাহাদাত হোসেন রাজিবকেও প্রথম দিনের অনুশীলনে পেয়েছেন খুলনা রয়েল বেঙ্গলসের প্রধান কোচ রবিন সিং।

ওয়ানডে ইতিহাসের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান জয়াসুরিয়া খুব বেশি টি-টোয়েন্টি খেলেননি। তবে নিজের সহজাত ব্যাটিংয়ের কারণে ২০ ওভারের ক্রিকেটকে অচেনা বলেও মনে হয় না শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের।

তিনি বলেন, “আমি আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। বিপিএলের জন্য আমি নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছি। এই টুর্নামেন্টে নিজের স্বাভাবিক খেলা খেলতে চাই।”

বাংলাদেশে এসে গিবস রোমাঞ্চিত। তিনি বলেন, “বিপিএল থেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে।”

শুধু ক্রিকেটাররা নন, এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের ক্রিকেটও দারুণ লাভবান হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার এই উদ্বোধনী ব্যাটসম্যান। তিনি বলেন, “বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। তাদের দলটি তরুণদের নিয়ে গড়া। তারা যত খেলবে ততই ভালো করবে।”

“বিপিএলে তাদের শারীরিক-মানসিক অবস্থারও ভালো পরীক্ষা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই অভিজ্ঞতা তাদের কাজে আসবেই,” যোগ করেন গিবস।

খবরঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

2.02.2012

সিলেট রয়্যালসের টাইটেল স্পন্সর গ্লোবাল নিউয়ে

শ্রীলঙ্কার কোম্পানি গ্লোবাল নিউয়ে ১০ কোটি টাকায় সিলেট রয়্যালসের টাইটেল স্পন্সর হয়েছে। বুধবার হোটেল ওয়েস্টিনে দু পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

সিলেট রয়্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও গ্লোবাল নিউয়ের সভাপতি নবরতœম শ্রী নারায়ণ দাস চুক্তিতে সই করেন। এ সময় সিলেট রয়্যালসের সভাপতি নাফিসা কামাল, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ও গ্লোবাল নিউয়ের ব্যবস্থাপনা পরিচালক মুরালী শ্রীনারায়ণ দাস উপস্থিত ছিলেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট রয়্যালসের ক্রিকেটার ইমরুল কায়েস, পিটার ট্রেগো, কামরান আকমল, তালহা যুবায়ের ও নূর হোসেন মুন্না। সংক্ষিপ্ত বক্তব্যে তারা ভালো খেলা উপহার দেয়ার প্রতিশ্র“তি দেন।

মিজানুর রহমান বলেন, “গ্লোবাল নিউয়ের সঙ্গে আমরা এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সিলেট রয়্যালসের কার্যক্রম শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থেমে থাকবে না। বছর জুড়ে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। আমাদের পৃষ্ঠপোষকরা সেগুলোর সঙ্গেও যুক্ত থাকবেন।”

“সব মিলিয়ে আমাদের ২৫ কোটি টাকার মতো খরচ হয়েছে। ছয় মাসের মধ্যে আমরা একটি অ্যাকাডেমি তৈরি করতে চাই। গাজীপুরে আমাদের নিজস্ব জমিতে এই অ্যাকাডেমি হতে পারে। এছাড়া একটি স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনাও রয়েছে আমাদের।”

 খবরঃ   বিডিনিউজ টোয়েন্টিফোর

1.29.2012

বিপিএলের চমক হতে পারে মাশরাফি বিন মুর্তজা : হাবিবুল


গত এক বছর ধরে মাঠের বাইরে থেকে ইনজুরির সঙ্গে লড়াই করে যাচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে ইনজুরির শঙ্কাতেই হয়তো মাশরাফির প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কিছুটা কম ছিল। কিন্তু ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই মাশরাফিই এবারের বিপিএলের চমক হতে পারেন বলে মনে করেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান পরামর্শক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে মাশরাফিকে দলে পেয়েছি। হয়তো অনেক কম মূল্যেই তাঁকে পেয়েছি আমরা। তবে এটা বলতে পারি, মাশরাফি এখন ইনজুরি কাটিয়ে দারুণ অবস্থায় রয়েছে। এবারের বিপিএলে মাশরাফি হতে পারে বিরাট এক চমক।’
বিপিএলের ঢাকা বিভাগের ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান লক্ষ্য শিরোপা জয়। এ মুহূর্তে শিরোপা ব্যতীত আর কোনো কিছু নিয়েই চিন্তা করছে না দলটি। হাবিবুল বাশারও জানালেন এমন কথাই। তাঁর মতে, ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে কাগজে-কলমে একটি ভালো দলই গড়েছে। এখন মাঠের লড়াইয়ের ওপরই নির্ভর করছে আমরা কতদূর কী করতে পারব। তবে শিরোপাই এ মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য।’
নিলামে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে সর্বোচ্চ সাত লাখ মার্কিন ডলারে কিনে নিয়ে চমক সৃষ্টি করে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ঢাকা আফ্রিদির পাশাপাশি দলে ভিড়িয়েছে সাঈদ আজমল, কাইরেন পোলার্ডস, রানা নাভিদ-উল-হাসান, ইমরান নাজির, স্টুয়ার্ট ম্যাকগিলের মতো আন্তর্জাতিক তারকাদের। সেই সঙ্গে দলে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, মাশরাফি-বিন মুর্তজা, আফতাব আহমেদ, নাজিমউদ্দিন, আনামুল হকদের মতো খেলোয়াড়েরা। দলের এই তারকাদের নিয়ে দারুণ আশাবাদী হাবিবুল বাশার। তিনি বলেন, ‘ঢাকা গ্ল্যাডিয়েটরসের দেশি-বিদেশি কালেকশন নিয়ে সন্দেহের অবকাশ নেই। আশা করছি, এই খেলোয়াড়েরা নিজেদের মাঠে উজাড় করে দেবে।’
আফ্রিদি বিপিএলে কয়টি ম্যাচ খেলতে পারবেন, আদৌ খেলবেন কি না, এমন যেকোনো শঙ্কা উড়িয়ে দিয়ে হাবিবুল বাশার বলেন, নিলামের আগেই আমরা জানতাম আফ্রিদি ২৭ ফেব্রুয়ারির পর থেকে খেলতে পারবে, এর আগে পাকিস্তান দলের হয়ে তাঁর খেলা রয়েছে। সেভাবেই শেষ দুটো ম্যাচের জন্য আমরা আফ্রিদিকে দলে নিয়েছি। ঢাকা গ্ল্যাডিয়েটরস সেমিফাইনালে গেলে আফ্রিদি বিপিএলে খেলবেই—এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান পরামর্শক হিসেবে নতুন এ দায়িত্ব দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘দীর্ঘদিন ক্রিকেট খেলেছি, জাতীয় দলে খেলেছি। আমি এই দায়িত্বকে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ হিসেবে নিতে চাই। আগেও ক্লাব দলে সংগঠক হিসেবে কাজ করার টুকটাক অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এ দায়িত্ব আমি দারুণ উপভোগ করছি।’
বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপিএল ভালো ফল বয়ে নিয়ে আসবে বলেই হাবিবুলের ধারণা। তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় একজন তরুণ খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশ পাবে। এটা তাঁকে নিজের ভবিষ্যত্ গড়তে দারুণ সহায়তায় করবে বলেই আমার বিশ্বাস।’ হাবিবুল আরও বলেন, আইপিএল ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে। আইপিএলের ফান্ড ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটকে আধুনিকায়ন করেছে। হাবিবুল আশা করেন, বিপিএলের অর্থও খুব তাড়াতাড়িই বাংলাদেশেরও প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো একটা পরিবর্তন নিয়ে আসবে।

  (খবর : প্রথম আলো)

1.19.2012

প্লেয়ার বেচাকেনা। নিলামের খবর।


ঢাকা গ্ল্যাডিয়েটরস: পাকিস্তানের শহীদ আফ্রিদি (৭ লাখ ডলার), একই দেশের সাঈদ আজমল (১ লাখ ডলার), ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড (৩ লাখ ডলার), বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (৪৫ হাজার ডলার), পাকিস্তানের রানা নাভিদ উল হাসান (১ লাখ ডলার), বাংলাদেশের নাজিমউদ্দিন চৌধুরী (৮৫ হাজার ডলার), ইলিয়াস সানি (৭৫ হাজার ডলার), নাজমুল হোসেন (৪৫ হাজার ডলার), স্টুয়ার্ট ম্যাকগিল (৫০ হাজার ডলার), ড্যারেন ইয়ান স্টিভেন (২৫ হাজার ডলার), ইমরান নাজির (৮৫ হাজার ডলার), মোশারফ হোসেন রুবেল (৬৫ হাজার ডলার), ধীমান ঘোষ (২০ হাজার ডলার), আনামুল হক বিজয় (২০ হাজার ডলার), তানভির হায়দার (২০ হাজার ডলার) ও আফতাব আহমেদ (২০ হাজার ডলার)।

চট্টগ্রাম কিংস: পাকিস্তানের শোয়েব মালিক (১ লাখ ৫০ হাজার ডলার), শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (১ লাখ ডলার), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো (১ লাখ ৫০ হাজার ডলার), বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ (১ লাখ ১০ হাজার ডলার), ফরহাদ রেজা (৬৫ হাজার ডলার), জহুরুল ইসলাম (১ লাখ ১০ হাজার ডলার), অ্যালেক্স কারভিজি (৩৫ হাজার ডলার), নাসির জামশেদ (১ লাখ ডলার), কায়েল কব্জার (২৫ হাজার ডলার), কেভিন কুপার (২৫ হাজার ডলার), ল্যান্ডল সিমন্স (২৫ হাজার ডলার), ফয়সাল হোসেন ডিকেন্স (২০ হাজার ডলার), এনামুল হক জুনিয়র (৫৫ হাজার ডলার), জিয়াউর রহমান (৪০ হাজার ডলার), সানজামুল ইসলাম (৪০ হাজার ডলার), শামসুর রহমান (৪৫ হাজার ডলার) ও জেরমে টেলর (৫০ হাজার ডলার)।

দুরন্ত রাজশাহী: পাকিস্তানের আব্দুল রাজ্জাক (১ লাখ ডলার), বাংলাদেশের জুনায়েদ সিদ্দিক (৭০ হাজার ডলার), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫০ হাজার ডলার), ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস (৩ লাখ ৬০ হাজার ডলার), রিজওয়ান বিন চিমা (২৫ হাজার ডলার), মোহাম্মদ সামি (৭০ হাজার ডলার), কায়সার আব্বাস (২৫ হাজার ডলার), সাব্বির রহমান (৪০ হাজার ডলার), মুক্তার আলী (২০ হাজার ডলার), সৈয়দ রাসেল (২০ হাজার ডলার), আরিফুল হক (২০ হাজার ডলার), মিজানুর রহমান (২০ হাজার ডলার), সাকলাইন সজিব (৩৫ হাজার ডলার), সৌম্য সরকার (২০ হাজার ডলার), ফাওয়াদ আলম (৪৫ হাজার ডলার), শন আরভিন (২৫ হাজার ডলার) ও আসিফ আহমেদ রাতুল (২০ হাজার ডলার)।

খুলনা রয়েল বেঙ্গলস: বাংলাদেশের আব্দুর রাজ্জাক (৮৫ হাজার ডলার), একই দেশের নাসির হোসেন (২ লাখ ডলার), দক্ষিণ আফ্রিকার আন্দ্রে রাসেল (৮৫ হাজার ডলার), শ্রীলঙ্কার সনাৎ জুয়াসুরিয়া (১ লাখ ১০ হাজার ডলার), আয়ারল্যান্ডের নিয়াল ও’ব্রায়েন (৮০ হাজার ডলার), ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস (৬০ হাজার ডলার), শফিউল ইসলাম (৬৫ হাজার ডলার), জোন্স বাটলার (২৫ হাজার ডলার), শিবনারায়ন চন্দরপল (২৫ হাজার ডলার), নাজমুল হোসেন মিলন (৩৫ হাজার ডলার), ডলার মাহমুদ (২০ হাজার ডলার), মারশাল আয়্যুব (২০ হাজার ডলার), মাইশাকুর রহমান (২০ হাজার ডলার), সগির হোসেন পাভেল (২০ হাজার ডলার), হার্শেল গিবস (১ লাখ ডলার) ও ডুয়াইন স্মিথ (৫০ হাজার ডলার)।

বরিশাল বার্নার্স: ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৫ লাখ ৫১ হাজার), ব্র্যাড হজ (১ লাখ ৪০ হাজার ডলার), ইয়াসির আরাফাত (৮০ হাজার ডলার), আহমেদ শেহজাদ (৫০ হাজার ডলার), সোহরাওয়ার্দী শুভ ( ৪৫ হাজার ডলার), মোঃ মিথুন (৮০ হাজার ডলার), হামিদ হাসান (৪০ হাজার), রমিজ রাজা জুনিয়র (২৫ হাজার ডলার), ফরহাদ হেসেন (২০ হাজার ডলার), মমিনুল হক (২০ হাজার ডলার), সোহাগ গাজী (২০ হাজার ডলার), নাজমুল হোসেন অপু (৫০ হাজার ডলার), আল আমীন (২০ হাজার ডলার), আলাউদ্দিন বাবু (৬৫ হাজার ডলার) ও কামরুল ইসলাম রাব্বি (২০ হাজার ডলার)।

সিলেট রয়্যালস: ইমরুল কায়েস (৫০ হাজার ডলার), পিটার ট্রেগো (৭৫ হাজার ডলার), ড্যারেন স্যামি (৫৫ হাজার ডলার), ব্র্যাড হগ (৫০ হাজার ডলার), সোহেল তানভির (১ লাখ ডলার), কামরান আকমল (১ লাখ ডলার), রুবেল হোসেন (৭০ হাজার ডলার), নাঈম ইসলাম ( ৯০ হাজার ডলার), ফ্রেডি ক্লুকার (২৫ হাজার ডলার), ফয়সাল ইকবাল (২৫ হাজার ডলার), নাদিফ চৌধুরী (৩০ হাজার ডলার), নূর হোসেন মুন্না (২০ হাজার ডলার), আরাফাত সালাউদ্দিন (২০ হাজার ডলার), তালহা জোবায়ের (২০ হাজার ডলার), শুভাগত হোম (৮০ হাজার ডলার), নাবিল সামাদ (২০ হাজার ডলার) ও গেরি কেডি (২৫ হাজার ডলার)।

1.18.2012

বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স’র আত্মপ্রকাশ

১৭ জানুয়ারি: বিপিএলের দ্বিতীয় দল হিসাবে নিজেদের নাম ও লোগো উন্মোচন করেছে ঢাকা বিভাগ। মঙ্গলবার দুপুরে হোটেল রেডিসনে এক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ঢাকার নতুন লোগো ও নাম উন্মোচিত হয়। র‌্যাডিসন হোটেলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নাম ঘোষণা করে দলের চেয়ারম্যান।

ঢাকার আইকন ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল লোগো উন্মোচন করতে এসে ভীষণ উচ্ছ্বসিত। অনুষ্ঠানে আশরাফুল বলেন,‘‘ভারতের ঘরোয়া টি-২০ আসর আইপিএল আর আমাদের বিপিএল এখন পর্যন্ত প্রায় একই রকম মনে হচ্ছে। অনেক দিন যাবত শুনছিলাম, এমন একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজ বাস্তব মনে হচ্ছে।”

শেষ পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এতে ক্রিকেটাররা বেজায় খুশি। উঠতি আর তরুণ ক্রিকেটাররা যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পায়নি, তারা এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবে। বললেন আশরাফুল। সাংবাদিকদের আশরাফুল আরও বলেন,‘মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সময় আমি শচীন টেন্ডুলকারদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর এই আসর দিয়ে তরুণদেরও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।’’

জাতীয় দলের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট ঢাকা গ্ল্যাডিয়টর্সের প্রধান কোচের দায়িত্ব ভার পেয়েছেন। নাম ঘোষনার পর তিনি বলেন, “চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্ত্তত। আমরা একটা ভালো দল গড়তে চাই। খেলায় শেষ পর্যন্ত জিতবো কী না জানি না। তবে আমরা রোমাঞ্চকর খেলা উপহার দিতে চাই দর্শকদের। আমরা ভারসাম্যপূর্ণ এবং সেরা একটি দল গড়তে চাই। প্রতি ম্যাচে জেতাই থাকবে আমাদের অন্যতম টার্গেট। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়াই আমাদের মূল টার্গেট থাকবে। ”

অন্যদিকে ঢাকার বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আরেক সাবেক মোহাম্মদ রফিক। সাবেক এ ই বাঁ-হাতি স্পিনার আ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহনের পর বলেন,“ফরম্যাট আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট খেলা হচ্ছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।”

আরেক জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরা হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়টর্সের ম্যানেজার। তিনি বলেন,“আবারও ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে খুব ভালো লাগছে। দায়িত্ব পালনে আমি সম্পূর্ণ প্রস্ত্তত আছি।’’

আর বর্তমান নির্বাচক আর জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ঢাকার প্রধান উপদেষ্টা হয়েছেন। দল গঠনে বৃহত্তর ঢাকার ক্রিকেটাররা গুরুত্ব পাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চাই।”

অনুষ্ঠানে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের স্বত্বাধিকারী ইউরোপা গ্রুপের পরিচালক শিহাব হোসেন চৌধুরী, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফসান আরা বিন্দু উপস্থিত ছিলেন। সবাই এক সঙ্গে মঞ্চে উঠে লোগো উন্মোচন করেন।

খবরঃ বার্তা২৪ ডটনেট/ জেএমএস

1.17.2012

বিপিএলের প্রথম দল হিসাবে দুরন্ত রাজশাহীর লোগো উন্মোচন

১৬ জানুয়ারীঃ   বিপিএলের দলগুলোর মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। সোমবার দুপুরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রেজেন্টেশন নিয়ে আলোচনা যখন চলছে তখনই মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজশাহীর নাম ও লোগো উন্মোচন করা হয়। ১৯ জানুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিপিএলে রাজশাহী দলের নাম ‘দুরন্ত রাজশাহী’। সোমবার দুপুর ১-৩০টায় শুরু হবার কথা থাকলেও লোগো উন্মোচন অনুষ্ঠানটি শুরু হয় প্রায় ২০ মিনিট পর।

বিসিবির মিডিয়া সেন্টারের প্রবেশ পথেই নজরে পরে মাঝারি সাইজের গেইটে বেলুন আর ফুল দিয়ে সাঁজানো। তাতেই জানা হয়ে যায় রাজশাহী মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভেতরে মূল মঞ্চটির সামনে রাজশাহী সিল্ক আর ফুল দিয়ে সাঁজানো। মঞ্চের পেছনে সবুজ শ্যামল বাংলায় ছবি। এই ছবির পেছনেই লুকানো ছিল দুরন্ত রাজশাহীর লোগো।

এরপরই মঞ্চে আসেন রাজশাহী দলের চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন। তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে রাজশাহীর আইকন ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম মঞ্চে উঠে আসেন। তবে একা নন। জাগো ফাউন্ডেশনের ১১ জন সুবিধাবঞ্চিত স্কুলছাত্রকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন মুশফিকুর রহিম। মুশফিক মঞ্চ থেকে নেমে যাবার সঙ্গে সঙ্গেই মঞ্চের লাইট বন্ধ হয়ে যায়। স্কুলছাত্ররা বাংলার সবুজ শ্যামল ছবিটি টেনে নামিয়ে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে ‘শৈশব, কৈশোর, তারুণ্য’ এই তিনটি শব্দ দিয়ে সাঁজানো লোগো।

এরপর একে একে সব ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন মুশফিকুর রহমান মোহন। আর জাগো ফাউন্ডেশনের লিয়াজোঁ অফিসার মেসা আলীর হাতে তুলে দিলেন ক্রিকেট সামগ্রী।

এরপর মঞ্চে রাজশাহীর চেয়ারম্যান একে একে ঢেকে নেন আইকন ক্রিকেটার মুশফিকুর রহিমকে, দলের কোচ খালেদ মাসুদ পাইলট, দুই উপদেষ্টা আতাহার আলী খান আর সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। দুরন্ত রাজশাহীর লোগো সম্বলিত ব্লেজার চেয়ারম্যানকে পড়িয়ে দেন রাজশাহীর মিডিয়া ম্যানেজার। আর অন্যান্যদের ব্লেজার পড়িয়ে দেন চেয়ারম্যান নিজেই।

মিডিয়াতে প্রচারিত হয়েছে আইকন ক্রিকেটার দলের বিদেশী ক্রিকেটারের দলের চেয়ে পাঁচ শতাংশ বেশি টাকা পাবে। এ নিয়ে নাকি অনেক দলেই সমালোচনা হয়েছে। এই প্রশ্নের জবাবে রাজশাহীর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “বিপিএল গভর্নিং কমিটি যে সিদ্ধান্ত দেবে আমরা তাই মেনে চলব।”
দল নিয়ে মুশফিকের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, “আমি তো চাইব সেরা দল বানাতে। এরই মধ্যে আমাদের বৈঠক হয়েছে। আশা করছি ভাল কিছুই করতে পারব।”

উপদেষ্টার দায়িত্ব নেয়া আতাহার আলী শুরুতেই বিতর্কমূলক বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগ হচ্ছে। আশা করছি ভাল দল গড়তে পারব।” এমন বক্তব্যে সংবাদ সম্মেলনে অনেকেই পাল্টা জানতে চান- নিলামের আগে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ আইনসিদ্ধ কিনা? পরে আতাহার আলী বলেন, “আমি বিষয়টি সেভাবে বোঝাতে চাইনি। আমি বলতে চেয়েছি আমরা ক্রিকেটারদের তালিকা তৈরি করেছি। অনেকের সঙ্গেই আমাদের পুরাতন সম্পর্ক আছে। সেদিক বিবেচনা করেই বলেছি মাত্র।”

আতাহারের বক্তব্য সমর্থন করে চেয়ারম্যান বলেন, “আসলে তিনি সঠিকভাবে বোঝাতে পারেননি। আমার টার্গেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিজ গেইল আর পাকিস্তানের আব্দুর রাজ্জাকের দিকে। আমরা ভাল দলই গড়ব।”

অনুষ্ঠানের শেষ দিকে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে প্রশ্ন করা হয় রাজশাহীর ক্রিকেটাররা কি নিলামে অগ্রাধিকার পাবে? জবাবে তিনি বলেন, “আমরা একটি দল নিয়ে পরিকল্পনা করেছি।”

খবরঃ  বার্তা২৪ ডটনেট/এটি