Showing posts with label bpl t20 opening. Show all posts
Showing posts with label bpl t20 opening. Show all posts

2.11.2012

জমল না বিপিএল উদ্বোধন

ব্যবধান মাত্র এক বছর। এরমধ্যেই দুই রকম চিত্র দেখল বাংলাদেশের ক্রিকেটপ্রেমী। ২০১১'র ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের মুগ্ধ জাগানো উদ্বোধনী অনুষ্ঠান করে তাক লাগিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে উন্মাদনার সৃষ্টি হয়েছিল বাংলাদেশসহ পুরো বিশ্বে। দর্শকের ঢল নেমেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে। দর্শকদের ক্রেজ দেখে অবাক হয়েছিল পুরো বিশ্ব। অথচ গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাড়ে তিন ঘণ্টা স্থায়ী উদ্বোধনী অনুষ্ঠান কোনো আবেদনই ছড়াতে পারেনি ক্রিকেটপ্রেমীদের মাঝে। দর্শকশূন্য স্টেডিয়ামে বিপিএলের প্রথম আসরে উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। অনুষ্ঠান শুরুর কথা ছিল সাড়ে ৬টায়। শুরু হয় নির্ধারিত সময়ের আধঘণ্টা পর। উপস্থাপিকা ফারজানা নওশিন ও মুনমুনের উপস্থাপনায় শুরু হয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। অর্থের ঝনঝনানির অনুষ্ঠান শুরু হয় জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর দরাজ গলায় অমর একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি গান দিয়ে।' বাচ্চুর সঙ্গে অমর একুশের গান পরিবেশন করেন আরও ২৫ শিশু শিল্পী। গান শেষ হওয়ার পরপরই বাপ্পি লাহিড়ি ও শান পরিবেশন করেন বিপিএলের থিম সংগীত। এরপর থিম সংগীতের তালে তালে আদ্যাক্ষর অনুযায়ী মাঠে প্রবেশ করে বরিশাল বারনার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, চিটাগাং কিংস, খুলনা রয়্যাল বেঙ্গলস, দুরন্ত রাজশাহী ও সিলেট রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিগুলো সবাই মাঠে প্রবেশ করে তাদের দলীয় সংগীতের তালে তালে। সবাই উপস্থিত হন মাঠের ভিআইপি গ্যালারি সংলগ্ন স্টেজের সামনে। যেখানে বসেছিলেন রাষ্ট্রপতি। সাড়ে ৭টায় রাষ্ট্রপতি জিল্লুুর রহমান বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। রাষ্ট্রপতির উদ্বোধন অনুষ্ঠান ঘোষণার পরপরই দুই জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ ও শামীম আরা নিপা রবীন্দ্র সংগীত 'আগুনের পরশমণি শোনাও প্রাণে...' গানের সুরে নৃত্য পরিবেশন করে সবাইকে আমন্ত্রণ সুরের জগতে। দুজনের নাচের পর একে একে গান গেয়েছেন রক শিল্পী মিলা, মাইলস। মাইলস গান করে-'ধিকি ধিকি আগুন জ্বলেসহ দুটি। মাইলসের পরপরই স্টেজ পারফরম করেন কলকাতার শিল্পী ঋতুপর্ণা সেন গুপ্তা। ঋতুপর্ণার পর দেশের দুই জনপ্রিয় শিল্পী সাকিব গান ও অপু বিশ্বাস নেচেছেন গানের তালে। দিবার পরে মঞ্চ মাতান মালাইকা অরোরা। মালাইকা অরোরা নেচেছেন মিনিট ১৫। মালাইকার নাচের আগে গান করেন এলআরবির শিল্পী আইয়ুুব বাচ্চু, বাপ্পি লাহিড়ি এবং শান। গানের পর্ব শেষ হওয়ার পর সবশেষে নেচেছেন বলিউডের 'হট সেনসেশন' বিপাশা বসু। বিপাশার নাচের পরই আতশ বাজি ঝলকানিতে রাতের মিরপুরকে আলোকিত করেছে।

খবরঃ বাংলাদেশ প্রতিদিন

টিকিটের দাম সহনশীলতায় আনলো বিপিএল কতৃপক্ষ

উদ্বোধনী অনুষ্ঠানে শূণ্য গ্যালারি এবং আজকের ম্যাচে কম দর্শক উপস্থিতিতে টনক নড়ল বিপিএল কতৃপক্ষের। টিকিটের দাম কমিয়েছে তারা। বিপিএল ক্রিকেটের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান শিহাব ট্রেডিং শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিলর এবং আয়োজক "গেম অন স্পোর্টস ম্যানেজম্যন্টের" সাথে আলোচনা করে তারা টিকিটের দাম কমায়।
বিপিএল এর সর্বনিম্ন টিকিটের দাম ৫০০ টাকা থেকে ২০০ টাকায় নামানো হয়েছে।

পূর্ব গ্যালারির টিকিটের দাম ২০০ এবং দক্ষিন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করা হয়েছে। ক্লাব হাউস ১হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ২ হাজার টাকায় পাওয়া যাবে।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫ হাজার টাকা। হসপিটালিটি বক্স, আইসিসি হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সের টিকেট ১২ হাজার টাকা করে ।

খবরঃ বিডিস্পোর্টসনিউজ

ও লা লা মাতালো বিপিএল

আলোর ঝলকানি, চোখ ধাঁধানো নাচ আর গানে উদ্বোধন হলো বিপিএল-এর। ও লা লা, ও লা লা গানে দর্শকদের মাতালেন প্রখ্যাত ভারতীয় শিল্পী বাপ্পী লাহিড়ি। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে গানের সঙ্গে নাচেন ভারতীয় শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত, বিপাশা বসু ও মালাইকা অরোরা। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তারকার মেলা বসেছিল। ভারত-বাংলাদেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই মঞ্চে উঠেছিলেন দর্শক মাতাতে। তবে মন মাতানো কোরীয়গ্রাফি আর অপরূপ নাচে দর্শকদের মন জয় করেন খ্যাতিমান নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। উপভোগ্য নাচের সঙ্গে জায়ান্ট স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলা মায়ের রূপ-বৈচিত্র্য। মাঝখানে বাংলাদেশের হট পপ শিল্পী মিলা কয়েকটি গান শোনান। এরপর মঞ্চে আসেন ব্যান্ডদল মাইলস। দলটির প্রধান ভোকাল সাফিন আহমেদ গেয়ে শোনান দর্শকপ্রিয় কয়েকটি গান। টালিউডের হাটথ্রুব নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত মঞ্চে ওঠেন অনেকটা খোলামেলা পোশাকেই। তবে সেটি দৃষ্টিকটু মনে হয়নি দর্শকদের। প্রথম অ্যালবামের হিট গান ঘুমন্ত শহরে গাইতে গাইতে মঞ্চে ওঠেন খ্যাতিমান ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। বাচ্চু নামতেই চোখ ধাঁধানো পোশাকে মোটরসাইকেল নিয়ে মঞ্চে আসেন বর্তমান সময়ে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার সঙ্গে ছিলেন যথারীতি অপু বিশ্বাস। কারো প্রেমে পড়লাম নারে, মোবাইল ফোনে শুনলাম নারে আই লাভ ইউ এই গানের সঙ্গে লিপসিং করে নাচেন শাকিব ও অপু। তারা মঞ্চ থেকে নামতেই গ্যালারি থেকে শব্দ আসে ও লা লা, ও লা লা। বোঝা যায় মঞ্চে উঠেছেন বাপ্পী লাহিড়ি। তিনি মঞ্চে উঠেই বলেন, আমার জন্ম কোলকাতাতে হলেও আমি নিজেকে বঙ্গ সন্তান মনে করি। বলেন, ও লা লা নিশ্চয় হবে। তবে তার আগে মনমাতানো আরও কিছু গান করতে চাই। আমরা অমরসঙ্গী, ডিস্কো ড্যান্সার সহ আরও কয়েকটি গান গেয়ে শোনান তিনি। এরপর মঞ্চে ওঠেন ভারতীয় হট নায়িকা ও আইটেম গার্ল মালাইকা অরোরা। ছাম্মাক ছাল্লো, কোলাবারি ডি, চল ছাইয়া ছাইয়া, মুন্নি বদনাম হুয়ি গানের সঙ্গে নাচেন তিনি । এ সময় দর্শকরা নানা চিৎকার ও শিশ বাজিয়ে আনন্দ প্রকাশ করেন। তরুণ-তরুণীদের চেয়ার ছেড়ে গানের তালে তালে নাচতে দেখা যায়।
ভারতীয় আইপিএল-এর মোড়কে গড়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে উত্তেজনাটা অনেকদিনেরই বলা যায়। ক্রিকেট অনুরাগীরাও আগে থেকেই বেশ রোমাঞ্চিত ছিলেন বিপিএল-এর এই প্রথম আসর নিয়ে। কিন্তু উদ্বোধনের দিন দেখা গেল উল্টো চিত্র। দর্শকশূন্য গ্যালারিতেই পর্দা উঠালো বিপিএল-এর প্রথম আসরের। টিকেটের অগ্নিমূল্যের কারণে দর্শকরা স্টেডিয়ামমুখী হননি। ম্যাচের টিকেট পাঁচ শ’ টাকা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল ২০০০ টাকা। এ কারণেই আয়োজনে কমতি না থাকলেও দর্শকরা সেভাবে ভিড় জমায়নি মিরপুর শের- ই-বাংলা স্টেডিয়ামে। এর সঙ্গে ছিল চরম অব্যবস্থাপনা। যা গতকাল কারও চোখ এড়ায়নি। সাড়ে ৬টায় অনুষ্ঠান শুরু করার কথা থাকলেও তা শুরু হয় ৪৫ মিনিট পর। সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় সাংবাদিকদের। জমকালো এই আয়োজনে শুরুতে ভাষা শহীদদের স্মরণ করে যাত্রা শুরু করে বিপিএল। তারপরই বিপিএল-এর থিং ‘যুদ্ধ শুরু ক্রিকেটের’ মঞ্চে আসেন বাপ্পী লাহিড়ি, সান ও কুমার বিশ্বজিৎ। এরা একসঙ্গে বিপ এরপর একে একে থিং সংয়ের তালে তালে মাঠে প্রবেশ করে ছয়টি দল। এরপরই ফাঁকা গ্যালারির সামনে বিপিএল-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন- প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান। এ সময় প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিসিবি’র প্রেসিডেন্ট আহম মোস্তফা কামাল ও বিপিএল’র প্রেসিডেন্ট গাজী আশরাফ হোসেন লিপু।
টিকেটের উচ্চমূল্য এবং আয়োজকদের সমন্বয়হীনতার কারণে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলে উদ্বোধনী অনুষ্ঠানের। হাতে গোনা হাজার দু’য়েক দর্শক যাও টিকেট কেটে মাঠে আসেন তারাও ভাল করে উপভোগ করতে পারেননি উদ্বোধন অনুষ্ঠান। মাঠে চারটি জায়ান্ট স্ক্রিন থাকলেও সবগুলোই ছিল অকার্যকর। নওশিন ও মুনমুনের উপস্থাপনায় প্রেসিডেন্টের উদ্বোধনের পরই শুরু হয় চোখ ধাঁধানো আতশবাজি। তারপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন ঘোষণার পরই মঞ্চের দখল নেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও মালাইকা অরোরা। এই দুই ভারতীয় শিল্পী ছিলেন বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে। এদের ভিড়ে হতাশ করেননি ঋতুপর্ণা, শাকিব খান, অপু বিশ্বাস। আর উপর বাংলার বাপ্পী লাহিড়ি, সানদের সঙ্গে কম যাননি এপার বাংলার আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, মাইলস, মিলারা। একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হবে বিপাশার নাচের তালে তালে ফায়ার ওয়ার্কসের মধ্য দিয়ে রাত ১০টায়। এই উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করে চ্যানেল নাইন। গোটা মাঠে আলোক বর্ণালী ছড়িয়ে দিতে বসানো হয়েছিল শ’ শ’ আধুনিক লাইটের মাঝে দেশী শিল্পীদের সঙ্গে বিদেশীদের চোখ ধাঁধানো পারফরমেন্স কাউকে হতাশ করেননি সেটা বলা যায়।

2.10.2012

বিপিএল’র ব্যাটে-বলে লড়াই শুরু হচ্ছে আজ

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ব্যাটে-বলে লড়াই। ছয়টি বিভাগীয় দলকে নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যাট-বলের এই লড়াই চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বরিশাল বার্নার্স ও সিলেট রয়েল বেঙ্গলস। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। বিপিএলের সিডিউলে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের অপর ম্যাচে দুরন্ত রাজশাহী খেলবে চট্টগ্রাম কিংস-এর বিপক্ষে সন্ধ্যা ৬-৩০টায়। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় হবে ১৪টি ম্যাচ। এরপর ১৮ ফেব্রুয়ারি থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হবে বিপিএলের পরের ম্যাচগুলো। চট্টগ্রামে ম্যাচ হবে মোট ৮টি। ২৪-২৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের শেষ আটটি ম্যাচ হবে ঢাকা। ২৮ ফেব্রুয়ারি হবে দুটি সেমিফাইনাল এবং ২৯ ফেব্রুয়ারি হবে বিপিএল’র ফাইনাল।

2.09.2012

বিপিএল উদ্বোধনীতে তারকামেলা

আজ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের বেশকিছু শীর্ষ তারকা। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে থাকবেন শীর্ষ নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস। দু'জনই অনুষ্ঠানে পারফর্ম করবেন। আর বলিউড থেকে পারফর্ম করবেন বিপাশা বসু, 'মুনি্ন বদনাম হুয়ি'খ্যাত মালাইকা অরোরা ও ঋতুপর্ণা সেনগুপ্তা। পাশাপাশি গানের অনুষ্ঠানও রয়েছে। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে গান পরিবেশন করবে এলআরবি ও মাইলস। ভারত থেকে গান পরিবেশন করতে আসছেন বাপ্পি লাহিড়ী এবং শান। এ ছাড়া থাকছে নৃত্য। ১০০ শিল্পী নিয়ে নৃত্য পরিবেশন করবেন শিবলী মোহম্মদ ও শামীম আরা নীপা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নওশীন এবং মুনমুন। অনুষ্ঠান প্রসঙ্গে নওশীন বলেন, 'আমরা পুরো অনুষ্ঠানটির জন্য প্রস্তুত। বেশ জমকালো আয়োজন। বিপিএলের উদ্বোধনী দিনেই দর্শক আনন্দে মেতে উঠবেন বলে আশা করছি আমরা।'

ভারত থেকে আজ সকালে তারকারা আসবেন।

পুরো অনুষ্ঠানটি চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করবে। এরই মধ্যে সরাসরি সম্প্রচারের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নতুন এ চ্যানেলটি।

আইপিএলের মতো বিপিএলকে জনপ্রিয় করতে শুরু থেকেই শোবিজ তারকাদের সম্পৃক্ততা লক্ষ্য করা গেছে। চিটাগাং এবং বরিশাল বাদে বাকি দলগুলো তারকাদের অন্তর্ভুক্তি করেছে। ঢাকা গ্ল্যাডিয়টরের সঙ্গে আছেন নোবেল এবং বিন্দু। সিলেট রয়্যালস-এ আছেন ইমন, নিরব, সারিকা, পিয়াসা। দুরন্ত রাজশাহীতে আছেন ফুয়াদ এবং ডি রকস্টার শুভ। আর খুলনা দলে আছেন ফেরদৌস ও হাবিব।

খবরঃ বাংলাদেশ প্রতিদিন